চাটগাঁ নিউজ ডেস্ক: কর্ণফুলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট এস এম ফোরকান বলেন, মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন—এটি ঐতিহাসিক সত্য। প্রথমে নিজের ভাষায় ঘোষণা দিলেও পরে রাজনৈতিক নেতাদের পরামর্শে সেটি সংশোধন করে তৎকালীন নেতার বক্তব্য তুলে ধরেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তার বক্তব্য চলাকালে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম দৃশ্যত বিরক্তি প্রকাশ করেন এবং তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করার অনুরোধ জানান—এমন দৃশ্য ভিডিওচিত্রে দেখা গেছে।
অ্যাডভোকেট ফোরকান আরও বলেন, মেজর জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের সাহসী সেনানায়ক। তার আদর্শ অনুসরণ করতে পারা নিজের জন্য গর্বের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, অতীতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে গণমাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যথাযথ গুরুত্ব দেওয়া হতো না, যা তাদের জন্য কষ্টের কারণ ছিল।
অন্যদিকে, কর্ণফুলী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, পুরস্কার বিতরণ এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন, কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে স্বাধীনতা দিবস পালিত হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





