উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের সারা শরীর ও বাম পায়ে ব্যাপক ক্ষয় হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উখিয়া ৬৪ বিজিবির অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমারের ভেতরে নাফ নদী সংলগ্ন চাকমাকাটা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিআরএম-১৯ পিলার থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পালংখালী বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক পূর্বে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন হঠাৎ বিস্ফোরিত হয়। এতে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন।
আহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ শহিদ (২৬)। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫-এ ব্লকের বাসিন্দা এবং মিয়া হাসানের ছেলে বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়ভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, এক রোহিঙ্গা যুবক মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়ে বিওপির নিকটবর্তী এলাকায় চলে আসেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।
তিনি আরও বলেন, কী কারণে ওই যুবক সেখানে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন






