চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় উক্যসিং মারমা (৩৪) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার রাইখালী এলাকার বাসিন্দা ছিলেন।
বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সিলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া থেকে রাইখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন উক্যসিং মারমা। পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও আঘাতের মাত্রা বেশি হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান, নিহত উক্যসিং মারমার বিদেশে গিয়ে ভালো চাকরি করার স্বপ্ন ছিল, যা এই দুর্ঘটনায় অপূর্ণই রয়ে গেল।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






