স্বাধীনতা দিবসে চট্টগ্রামে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

চাটগাঁ নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের উত্তর কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভোর থেকেই শুরু হয় মানুষের ঢল। ফুল হাতে নয়, বরং গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে শহিদদের স্মরণে হাজির হন নানা শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ২৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

দিনের শুরুতেই শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এবং রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশ তৈরি করে।

দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি বর্ণিল সাজে সজ্জিত করা হয় পুরো এলাকা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশের সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top