চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির কাপ্তাইয়ে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গত ২৩ মার্চ দায়িত্ব পালনকালে কাপ্তাই পুলিশ ফাঁড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাতায়াত করছিলেন মাহাবুর হাসান। এ সময় মানিকছড়ি সেনা ক্যাম্প গেইট সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
ওসি আরও জানান, নিহত এএসআইয়ের মরদেহ তার নিজ জেলা যশোরের সদর উপজেলার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






