রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির কলাবাগান এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কে উল্টে গেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদর থেকে ভেতরে ও ছাদে অন্তত ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী একটি বাস (নম্বর: চট্টমেট্রো-জ-১১-০১০৪) সাপছড়ির কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
দুর্ঘটনায় বাসে থাকা প্রায় সকল যাত্রী কমবেশি আহত হন। আহতরা ভাঙা কাঁচ দিয়ে বের হয়ে আসেন। এ সময় বাসটির সুপারভাইজার মাথা ও পায়ে এবং চালক পায়ে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় মোট ২০ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন






