চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: চকরিয়া থানার আওতাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাত ৪টা ১০ মিনিটের দিকে বানিয়ারছড়া বাজার থেকে প্রায় ২০০ মিটার উত্তরে ভিলেজার পাড়া এলাকায় করিম বাবুর্চির বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস (রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫) দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর সময় একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম (৩০), এবং রাইসুল ইসলাম শিশির (৩০), ঘটনাস্থলেই নিহত হন। নিহত ২ জন ঢাকা জেলার উত্তরখান আটিপাড়া এলাকায় তাদের বাড়ি। অপর এক অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, লাল সবুজ পরিবহনের বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/জুবাইরুল/এমকেএন





