সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে ভাটিয়ারী এলাকার বাংলাদেশ মিলিটারি গেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগিতে আগুন লাগে। আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বগিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, মূলত ট্রেনটির পাওয়ার কারে আগুনের সূত্রপাত ঘটে, যা পরে পাশের একটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ওই বগির যাত্রীরা নিরাপদে নেমে যান এবং তাদের মালামালও বের করে নেওয়া হয়।
তিনি আরও জানান, বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করা হয়েছে। চট্টগ্রাম থেকে নতুন পাওয়ার কার আনা হচ্ছে। সেটি সংযুক্ত করে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে।
অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল ব্যাহত হলেও কোনো ট্রেনের সময়সূচি বাতিল করা হয়নি। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।
উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বগি ও ‘চ’ বগি বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে নতুন দুটি বগি এনে সেগুলো ট্রেনের সঙ্গে সংযুক্ত করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
এদিকে অগ্নিকাণ্ডের সময় বিএমএ গেট এলাকায় ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও বিকল্প লাইনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন





