চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ির সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালাবিবির দিঘি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরীর সরকারি মিতসুবিশি জিপ গাড়িটি কালাবিবির দিঘি মোড় এলাকা পার হয়ে চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে গাড়িটির সামনে একটি মোটরসাইকেল পড়লে চালক হঠাৎ গতি কমিয়ে দেন। এসময় পেছন থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ওই গাড়িতে ধাক্কা দিলে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটোরিকশার তিনজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “আমার সরকারি গাড়িটি মেরামতের জন্য পাঠাচ্ছিলাম। ওই সময় গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চাটগাঁ নিউজ/এসএ





