সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনা: প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২, আহত ৬

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় দুই ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে দোহাজারী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকার মৃত নিরঞ্জন ধরের ছেলে রনজিত ধর (৫৫) এবং একই এলাকার মৃত মনিন্দ্র দে’র ছেলে বাবুল দে, যিনি বালি নামেও পরিচিত (৬৫)।

আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার দিলীপ মল্লিক (৬৫) ও টিকলু বিশ্বাস (৪০)। এছাড়া প্রাইভেট কারের যাত্রীদের মধ্যে আহত হয়েছেন মিরাজ (৪০), জেরিন আফরোজ (৬০), ইসলাম (৪০) ও মশিউর রহমান (৪৩)। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি যাত্রীসহ কয়েক মিটার দূরে ছিটকে পড়ে এবং এতে থাকা সবাই গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বাবলা দাশ জানান, দোহাজারী শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্বোধন উপলক্ষে কয়েকজন ব্যক্তি সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের নিমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। নিমন্ত্রণ শেষে তারা ব্যাটারি চালিত অটোরিকশায় করে দোহাজারী ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

আহতদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ধর ও বাবুল দে’কে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কার ও রিকশাটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. সালাহ উদ্দীন চৌধুরী।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top