লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার পদুয়া নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ছাত্রীর নাম জান্নাতুল বকেয়া (২৪)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ও কক্সবাজার জেলার ঈদগাহ এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী পূর্বানী বাসের যাত্রীদের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হওয়ায় ঘটনাস্থলে থামে। ওই সময় জান্নাতুল যাত্রীবাহী বাস থেকে নেমে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল জান্নাতুলকে সজোরে ধাক্কা দেয়। এতে তার ডান পায়ের গোড়ালির উপরের অংশ পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় ও মাথায় আঘাত প্রাপ্ত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত মেয়েটির ডান পা প্রায় বিচ্ছিন্ন ও মাথায় আঘাত প্রাপ্ত হন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top