শাহ আমানতে ২৪ দিনে ১৭৪ ফ্লাইট বাতিল

চাটগাঁ নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে গত ২৪ দিনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭৪ ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এসব ফ্লাইট বাতিল হয়েছে।

সর্বশেষ সোমবার মধ্যপ্রাচ্যের ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়। তবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১১টি আন্তর্জাতিক ফ্লাইট চালু ছিল বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে ৬টি অ্যারাইভাল এবং মধ্যপ্রাচ্যগামী ৫টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল (জনসংযোগ) বলেন, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে প্রতিদিন ৭-৮টি করে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। সর্বশেষ সোমবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ৩টি অ্যারাইভাল ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ২টি ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। এছাড়া সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতাও এখনো অব্যাহত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর এই রুটের সংখ্যাগরিষ্ঠ এয়ারফিল্ড বন্ধ ঘোষণা করা হয়। এতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়ে। ফলে আগাম টিকিট করে রাখা মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যেমন দেশে ফিরতে পারছে না, তেমনি দেশ থেকেও যেতে পারছে না বিদেশগামীরা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top