যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের পর চুপিসারে দেশ ছেড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। সেখান থেকে সামাজিকমাধ্যমে দেওয়া তাঁর এক স্ট্যাটাস অনুরাগীদের নজর কেড়েছে। নায়িকার মন্তব্য, ‘যেকোনো সময় মরে যেতে পারি!’

রোববার (২২ মার্চ) দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে মাহি লেখেন, ‌‘আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি! আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে সে-ও একটু পরে মরে যেতে পারে, এত কাছ থেকে কারও মৃত্যু এর আগে তো কখনও দেখিনি। দম বন্ধ লাগছে!’

মাহির এই পোস্টে শোকপ্রকাশ করছেন ভক্তরা। মূলত ঘনিষ্ঠমহলের দুজন মানুষের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন নায়িকা। মন্তব্য ঘরে একসময়ের সাড়া জাগানো নায়ক কাজী মারুফের কথায় তেমনই ইঙ্গিত পাওয়া যায়। তিনি লেখেন, ‘জীবন খুব সংক্ষিপ্ত, এটাই একমাত্র সত্য। তুমি (মাহি) মাত্র দুজনের মৃত্যুর কথা শুনেছ। একজনের মৃত্যু খুবই আকস্মিক।’ উত্তরে মাহি লিখেছেন, ‘খুবই বেদনাদায়ক ভাইয়া, সত্যি বলতে ট্রমাটাইজড।’

এর আগে, এক পোস্টে কাজী মারুফকে ট্যাগ করে মাহি লিখেছিলেন, ‌‘একটু আগেও ভিডিও কলে যে ছিল, একটু পরেই সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। জীবন বড় ঠুনকো। আমার রাইসা আপুর ছোটভাই ঈদের দিন রাতে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ আপনি আমার এই পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’

প্রসঙ্গত, চলচ্চিত্রে অভিনয় ছাড়াও রাজনীতিতে সক্রিয় ছিলেন মাহিয়া মাহি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, যদিও জয়লাভ করতে পারেননি।

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে কয়েক মাস আত্মগোপনে থেকে গত বছরের জুনে নিউইয়র্কে পাড়ি দেন মাহিয়া মাহি। তারপর থেকে সেখানেই বাস করছেন তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top