চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি সৈয়দ আহসানুল হক শামীমের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আলো-বাতাসে বেড়ে ওঠা বিশিষ্ট শিল্পপতি ও বিউমন্ড গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহসানুল হক শামীম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ১২টা ৩৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

সৈয়দ আহসানুল হক বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)’র সাবেক পরিচালক ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম ক্লাবের সাবেক জেনারেল কমিটি সদস্য এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন।

জানা গেছে, তার প্রথম নামাজে জানাজা আজ (রবিবার) বাদে যোহর ঢাকার গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া আজ রবিবার রাত ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে, শিল্পপতি সৈয়দ আহসানুল হক শামীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালাম ও চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)।

এক শোক বার্তায় তারা বলেন, সৈয়দ আহসানুল হক শামীমের মৃত্যুতে আমরা পোশাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তৈরি পোশাক শিল্পের প্রসারে তার ভূমিকা আমাদের এই শিল্পের অগ্রযাত্রায় চিরকাল মাইলফলক হয়ে থাকবে। বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক, চট্টগ্রাম চেম্বার, চট্টগ্রাম ক্লাব ও ফোরামের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি।

তার মৃত্যুতে পোশাক শিল্প পরিবারে এই অপূরণীয় শূন্যতা পূরণ হওয়ার নয়।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top