আগামীকাল ঈদ ওমানে, মুক্তি পাচ্ছে ৩৫০ বন্দি

ওমান প্রতিনিধি: ওমানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শুক্রবার ওমানে ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির চাঁদ দেখা প্রধান কমিটি বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বৈঠক শেষে এ ঘোষণা দেয়।

ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মোহামেদ বিন সাঈদ বিন খালফান আল মামারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত চাঁদ দেখার প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ওমানের সহকারী গ্র্যান্ড মুফতি শেখ ড. শেখ কাহলান বিন নাবহান আল খারুসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ইঞ্জিনিয়ার খালিদ বিন হিলাল আল বুসাইদি এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আহমদ বিন সালেহ আল রাশদি সহ অন্যান্য বিচারপতিরা।

বিজ্ঞপ্তিতে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি মুসলিম উম্মাহর জন্য কল্যাণ ও বরকত কামনা করা হয়।

এদিকে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৩৫০ জন বন্দিকে বিশেষ রাজকীয় ক্ষমা ঘোষণা করা হয়েছে। দেশটির শাসক সুলতান হাইথাম বিন তারিক এই ক্ষমা প্রদান করেন।

এ বিষয়ে রয়েল ওমান পুলিশ জানিয়েছে, প্রতি বছরের মতো এবছরও ঈদকে সামনে রেখে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্ষমার আওতায় বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত বন্দিরা উপকৃত হবেন। তাদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি বিদেশি বা প্রবাসী নাগরিকরাও রয়েছেন।

চাটগাঁ নিউজ/টমাস/এমকেএন

Scroll to Top