ফটিকছড়িতে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ইউএনও’র নজরদারি

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর, লেলাং, নাজিরহাট ও ফটিকছড়ি পৌরসভার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা তেল বিক্রয়কেন্দ্রে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী পরিচালিত এ তদারকি কার্যক্রমে জ্বালানি তেলের মজুত, সরবরাহ পরিস্থিতি এবং ন্যায্যমূল্যে বিক্রয় নিশ্চিতকরণ বিষয়গুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের পর্যাপ্ত তেল মজুত রাখার নির্দেশনা দেওয়া হয়।

তদারকির অংশ হিসেবে অকটেন ও পেট্রোলের ঘাটতি দূর করতে অতিরিক্ত বরাদ্দ আনার উদ্যোগও গ্রহণ করেন ইউএনও। তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

উপজেলা প্রশাসনের এ ধরনের মনিটরিং কার্যক্রমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের কঠোর নজরদারির ফলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধ হবে।

জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top