তুরস্ক হয়ে দেশে ফিরল ইরানের নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপ শেষে নানা নাটকীয়তা ও বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের সদস্যরা।

বুধবার তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদির হয়ে তারা ইরান সীমান্তের দিকে রওনা হয়েছেন। এই দলে এমন কয়েকজন ফুটবলারও রয়েছেন, যারা এর আগে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নিয়েছেন।

এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ওমান থেকে একটি ফ্লাইটে ইস্তাম্বুল পৌঁছান ফুটবলাররা।

এরপর বুধবার দুপুরে তারা তুরস্কের ইগদির শহরে অবতরণ করেন।
জাতীয় দলের ট্র্যাকস্যুট পরিহিত খেলোয়াড়দের সেখান থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত গুরবুলাক-বাজারগান সীমান্ত ক্রসিংয়ের দিকে যেতে দেখা যায়। অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা নিজ দেশে ফিরছেন। কুয়ালালামপুর বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় এক ফুটবলার আবেগাপ্লুত হয়ে বলেন, আমি আমার পরিবারকে খুব মিস করছি।

এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর পর দেশে তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে গত সপ্তাহে দলের সাতজন সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে পরবর্তীতে তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করে দেশে ফেরার পথ ধরেন। বর্তমানে মাত্র দুইজন ফুটবলার অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ খেলোয়াড়দের স্বাগত জানিয়ে লিখেছেন, তারা আমাদের মাতৃভূমির সন্তান, ইরানের জনগণ তাদের আলিঙ্গন করছে।

তিনি আরও দাবি করেন, ফিরে আসার মাধ্যমে তারা শত্রুদের হতাশ করেছেন এবং ইরান-বিরোধী শক্তির প্রলোভন ও হুমকির কাছে নতি স্বীকার করেননি।

তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ইরানি কর্তৃপক্ষ বিদেশ বিভুঁইয়ে থাকা অ্যাথলেটদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ভয় দেখিয়ে দেশে ফিরতে বাধ্য করে। অন্যদিকে, ইরান সরকার পাল্টা অভিযোগ তুলেছে যে, অস্ট্রেলিয়া ফুটবলারদের সেদেশে থেকে যাওয়ার জন্য অন্যায্য চাপ প্রয়োগ করেছিল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top