চট্টগ্রামে নবজাতক উদ্ধার, সুস্থ করে নিরাপদ জিম্মায় দিল পুলিশ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একদিন বয়সী এক নবজাতককে উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আইনি প্রক্রিয়া শেষে নিরাপদ জিম্মায় হস্তান্তর করেছে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার নূরে আল মাহমুদ জানান, গত ২৫ ফেব্রুয়ারি ব্রিজঘাট এলাকায় এস আলম বাস কাউন্টারের বিপরীত পাশে ফুটপাতে গামছা ও তোয়ালে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে।

উদ্ধারের সময় নবজাতকের শারীরিক অবস্থা বেশ দুর্বল ছিল। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় এবং কোতোয়ালী থানা পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া শুরু হয়।

প্রায় ২০ দিন চিকিৎসা গ্রহণের পর শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে হাটহাজারী উপজেলার চিকনণ্ডী ইউনিয়নের বাদামতল এলাকার বাসিন্দা জেসমিন আক্তারের জিম্মায় দেওয়া হয়।

পুলিশ জানায়, নবজাতকটির সার্বিক অবস্থার খোঁজখবর নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top