চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। এরই মধ্যে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
ডা. রফিকুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
অস্ত্রোপচারের পেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এর আগে সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে এ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলেও জানান ডা. রফিক।
তিনি জানান, মেডিকেল বোর্ডে রয়েছেন—অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. রফিকুল ইসলাম।
গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। এরপর দ্রুত তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





