চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কামাল হোসেন (৪১) নামে আরও একজন আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পদুয়া এস.আই. চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারাবন তহুরা আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। তিনি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত কামাল হোসেন সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার বাসিন্দা আহমেদ হোসেনের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জসিম উদ্দিন নামে এক গরু ব্যবসায়ী তেওয়ারিহাট বাজারে বিক্রির উদ্দেশ্যে একটি গরু নিয়ে আসেন। গরুটি গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তবে একপর্যায়ে গরুটি রশি ছিঁড়ে ছুটে যায়। এসময় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এসে গরুটি শিং দিয়ে সারাবন তহুরাকে আঘাত করে। আঘাতে তিনি পাশের গাছ ও পাকা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই সারাবন তহুরার মৃত্যু হয়েছে।
এদিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





