ঢাকা থেকে আরও ২৪ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১

চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি দেখা দেওয়ায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান এই সিদ্ধান্ত নেওয়ার পর এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) ঢাকায় মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকায় গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট এবং আজ ১১ মার্চ ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।

সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top