চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও পচা সাবান দিয়ে নকল সাবান তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল সাবান জব্দ করা হয় এবং একজন কর্মচারীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও নষ্ট সাবান সংগ্রহ করে সেগুলোর সঙ্গে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে নতুন সাবান তৈরি করতেন। পরে সেগুলো নামী-দামি কোম্পানির লেবেল লাগিয়ে বাজারজাত করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে কারখানা থেকে প্রায় ১৫০ বস্তা নকল সাবান এবং বিভিন্ন কোম্পানির লেবেলসহ দুই বস্তা প্যাকেট জব্দ করা হয়। তবে অভিযানের সময় কারখানার মালিককে পাওয়া যায়নি। এ সময় কারখানার কর্মচারী সামসুল ইসলামকে আটক করা হয়।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় সামসুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব নকল পণ্য তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং জব্দ করা মালামাল ধ্বংস করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





