চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম এলাকার অবৈধ সব ইটভাটা হাইকোর্টের নির্দেশ অনুসারে বন্ধ করার জন্যে নির্দেশ দেওয়ার পরও তা প্রতিপালন না করায় জেলা প্রশাসকের (ডিসির) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে মর্মে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে আদালত অবমাননা নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে সব ইটভাটা হাইকোর্টের নির্দেশ অনুসারে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। নতুবা তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে মঙ্গলবার (১০ মার্চ) ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় শত শত অবৈধ ইটভাটা চলমান থাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে মর্মে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ২০২০ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে আদালত ২০২০ সালের ১৪ ডিসেম্বর রুল জারির পাশাপাশি অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেন।
ওই নির্দেশনা অনুসারে সব অবৈধ ইটভাটা বন্ধ না করার পরিপ্রেক্ষিতে একটি সম্পূরক আবেদন শুনানি নিয়ে ২০২১ সালে জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালতের আদালত অবমাননার অভিযোগ আনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
আদেশের পর প্রায় শতাধিক অবৈধ ইটভাটা ভেঙে আদালতে প্রতিবেদন দাখিল করে ২১ সালের ১৩ জুন তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক আদালতে ক্ষমা প্রার্থনা করে অন্যান্য ইটভাটাগুলো বন্ধের প্রতিশ্রুতি দেন।
আদালতের একাধিকবার নির্দেশনা থাকা সত্ত্বেও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যে সকল ইটভাটা বন্ধ করা হয়েছিল সেগুলো বর্তমানে চালু রয়েছে মর্মে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে জানা যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আদালতের ২০২০ সালের ১৪ ডিসেম্বর, ২০২১ সালের ৩১ জানুয়ারি এবং ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারির নির্দেশনাসমূহ পালন করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত ১৪ নভেম্বর পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় যে, লোহাগাড়া উপজেলায় ৩৮টি ইটভাটার মধ্যে ৩৭টি ইটভাটার লাইসেন্স নেই। কিন্তু এছাড়াও সাতকানিয়া রাউজান, ফটিকছড়ি পটিয়া, আনোয়ারাসহ বিভিন্ন উপজেলায় শত শত ইটভাটা আদালতের নির্দেশ অমান্য করে চলমান রয়েছে।
প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে সব ইটভাটা হাইকোর্টের নির্দেশ অনুসারে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





