হইচইতে আসছে রোমান্টিক-কমেডি ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’

বিনোদন ডেস্ক: বিয়েবন্ধনের আড়ালে সম্পর্কের টানাপোড়েন এবং নাগরিক জীবনের জটিল সমীকরণ নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’।

রেজাউর রহমান পরিচালিত এই সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে গত ৮ মার্চ। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের এই রোমান্টিক-কমেডি ঘরানার গল্পে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও পারসা ইভানা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান ও দীপা খন্দকার।

নির্মাতা ও অভিনয়শিল্পীরা আশা করছেন, সমসাময়িক এই গল্পটি দর্শকদের মনে বিশেষভাবে নাড়া দেবে। আগামী ১৯ মার্চ থেকে দর্শকরা হইচই প্ল্যাটফর্মে উপভোগ করতে পারবেন নতুন এই ওয়েব ফিল্ম।

গল্পে দেখা যাবে ফারহান ও আমিরা নামের এক দম্পতিকে। একসময় তারা বুঝতে পারে, তাদের সম্পর্কটি ধীরে ধীরে মৃত ও শূন্য হয়ে পড়েছে। পরিবার ও সমাজের প্রত্যাশার চাপে থেকেও তারা নিজেদের মানসিক শান্তি এবং সত্যিকারের সুখের খোঁজে নতুন পথ খুঁজতে শুরু করে।

রেজাউর রহমান ও কারিনা কায়সার-এর যৌথ চিত্রনাট্যে নির্মিত এই ফিল্মটি আধুনিক জীবনের ব্যস্ততায় বদলে যাওয়া সম্পর্কের এক শৈল্পিক প্রতিফলন তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top