ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ শেষ করে দেশে ফেরা ইরানের নারী ফুটবল দলের খেলোয়াড়দের ‘খোলা মনে’ স্বাগত জানানো হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার এক বার্তায় মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, তারা যেন চিন্তা না করে দেশে ফিরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইরানের নারী ফুটবল দলকে বলছি— চিন্তা কোরো না, ইরান তোমাদের খোলা মনে স্বাগত জানাতে প্রস্তুত।’
এর কয়েক ঘণ্টা আগে ইরানের সাধারণ প্রসিকিউটরের কার্যালয়ও জানায়, দলের বাকি সদস্যদের শান্তি ও আস্থার সঙ্গে দেশে ফেরার আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাতে বলা হয়, খেলোয়াড়দের পরিবারগুলোর উদ্বেগ দূর করার পাশাপাশি তাদের নিরাপদে দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে।
এরই মধ্যে অস্ট্রেলিয়া সরকার ইরানের নারী দলের পাঁচ খেলোয়াড়কে ভিসা দিয়েছে বলে জানা গেছে। দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর তারা সেখানে আশ্রয় চেয়েছেন।
এর আগে ৩ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে জাতীয় সংগীতের সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ইরানের নারী ফুটবল দলের খেলোয়াড়েরা। এরপরই তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





