আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয়সহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের সবাই বাংলাদেশি।
আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্স দেশটির সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন।
জানা গেছে, মিসাইলটি আঘাত হেনেছে একটি মেইনটেনেন্স এবং ক্লিনিং কোম্পানির ভবনে।
সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তারা সবাই বাংলাদেশের নাগরিক।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
পারিবারিক সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





