জ্বালানি তেল মজুদদারি ঠেকাতে সারাদেশে মোবাইল কোর্ট!

চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আজ রবিবার (৮ মার্চ) পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ অবস্থায় অবৈধ মজুদ, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি, খোলা বাজারে বিক্রি এবং পাচার রোধে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। তবে এরপরও দেশের কিছু পেট্রলপাম্প ও ফিলিং স্টেশনে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি, অতিরিক্ত মজুদ এবং খোলা বাজারে বিক্রির প্রবণতা দেখা যাচ্ছে।

বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top