চাটগাঁ নিউজ ডেস্ক : শুক্রবার ছুটির দিনেও ফিলিং স্টেশনটির প্রায় আধা কিলোমিটারজুড়ে লম্বা সারি। মোটরসাইকেল, প্রাইভেট কার, ছোট যানবাহন—সব মিলিয়ে ভিড়। হঠাৎ এই দীর্ঘ লাইনের কারণ জানা গেল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট ও দাম বাড়তে পারে এমন শঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল কেনার প্রতিযোগিতা শুরু হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল কিনছেন গাড়ি চালকেরা। অনেকেই ট্যাংক পূর্ণ করে তেল নিচ্ছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে নগরের গণি বেকারিস্থ কিউসি ট্রেডিংয়ে এ দৃশ্য দেখা গেছে। তবে এমন ভিড় শুধু কিউসি পেট্রোল পাম্পে নয়, নগরের প্রায় সব পাম্পেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিয়েছেন ক্রেতারা। ক্রেতার চাপে কোথাও কোথাও বিক্রি সাময়িক বন্ধ রাখার ঘটনাও ঘটেছে।
কিউসি ট্রেডিংয়ে তেলের জন্য লাইনে অপেক্ষারত অনেকেই আতঙ্কগ্রস্ত। তাদের অনেকেই নিশ্চিত করে বলতে পারছেন না কোথা থেকে জ্বালানিসংকটের খবর শুনেছেন। তবে চারদিকে ‘তেল আসছে না’, ‘যুদ্ধের কারণে জাহাজ আটকে গেছে’, ‘ফিলিং স্টেশন শুকিয়ে যাবে’, এমন কথাবার্তা ছড়িয়ে পড়ায় বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি করছে।
মোটরসাইকেলচালক মোবারক হোসেন প্রায় এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন। বেলা ১২টার দিকেও তিনি তেল পাননি। তার সামনে তখনো ৩০ থেকে ৪০ জন অপেক্ষা করছিলেন। তিনি বলেন, তেলের সংকট হলে তার সংসারই অচল হয়ে যাবে। কারণ, মোটরসাইকেল চালিয়েই তিনি প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা আয় করেন। তাই তেল নিতে এসেছেন আগেভাগে।
কিউসি ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপক মীর খান বলেন, স্বাভাবিক সময়ে তাদের স্টেশনে দিনে ৮ থেকে ৯ হাজার লিটার অকটেন বিক্রি হয়। কিন্তু দুই দিন ধরে বিক্রি বেড়ে ২০ থেকে ২১ হাজার লিটারে পৌঁছেছে; অর্থাৎ বিক্রি প্রায় দ্বিগুণের বেশি হয়েছে। তার মতে, এই চাহিদা স্বাভাবিক নয়; মানুষ আতঙ্কে তেল কিনে রাখছেন। তবে বিপিসি থেকে তাদের জানানো হয়েছে, জ্বালানি তেলের কোনো তাৎক্ষণিক সংকট নেই।
এ বিষয়ে বিপিসির কর্মকর্তারা বলছেন, বড় ধরনের সংকট না হলে আগামী মাস পর্যন্ত সরবরাহে কোনো সংকট হবে না। এমনকি জুন পর্যন্ত জ্বালানি তেল কেনার প্রস্তুতি রয়েছে তাদের। তবে সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, চুক্তিবদ্ধ কোম্পানিগুলো যুদ্ধ সংকটকে পুঁজি করে প্রিমিয়াম বাড়ানোর চেষ্টা করছে।
তবে শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জারি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে বলা হয়েছে, এখন থেকে মোটরবাইক সর্বোচ্চ ২ লিটার ও প্রাইভেটকার সর্বোচ্চ ১০ লিটার পেট্রোল/অকটেন কিনতে পারবে।
চাটগাঁ নিউজ/এসএ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





