উড়ালসড়কে পড়েছিল বাইক আরোহীর অচেতন দেহ, হাসপাতালে মৃত ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের মুরাদপুর উড়ালসড়ক থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর মোহাম্মদ ফরিদ নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুরাদপুর উড়ালসড়কের ২ নম্বর গেট অংশ থেকে তার অচেতন দেহ উদ্ধার করা হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহাম্মদ ফরিদ বায়েজিদ এলাকার বাসিন্দা। গতকাল মুরাদপুর উড়ালসড়কে তার অচেতন দেহ পড়ে ছিল। এ সময় ফুডপ্যান্ডার পোশাক পরিহিত ছিলেন তিনি। তাকে সড়কে পড়ে থাকতে দেখে পথচারীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের একজন ইয়াহিয়া হান্নান। তিনি বলেন, ‘আমরা কয়েকজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। এ সময় ওই ব্যক্তিকে উড়ালসড়কে পড়ে থাকতে দেখি। শুনেছি প্রায় ২০ মিনিট ধরে তিনি পড়ে ছিলেন। আমরা তাকে দেখেই হাসপাতালে নিয়ে যাই।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি বায়েজিদ এলাকার বাসিন্দা। তিনি ফুডপ্যান্ডায় ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন বলে জেনেছি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চাটগাঁ নিউজ/এসএ

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top