কাপ্তাই সড়কে ইটবোঝাই পিকআপ দুর্ঘটনা, বন্ধ ছিল ভারী যান চলাচল

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার চট্টগ্রাম–কাপ্তাই সড়কের ব্যঙছড়ি এলাকায় একটি ইটবোঝাই পিকআপ স্টীল ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিলে কয়েক ঘণ্টা ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে বহু ভারী যানবাহন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।

তিনি জানান, রাঙ্গুনিয়া থেকে কাপ্তাইগামী একটি ইটবোঝাই পিকআপ (চট্টমেট্রো ড-১১-২৩৩৪) স্টীল ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের একটি অংশ পিকআপের বাম পাশে ঢুকে যায়। ফলে সড়কটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে হোন্ডা ও সিএনজি অটোরিকশা চলাচল করছিল।

পিকআপের চালক নজরুল ইসলাম ও হেলপার আবু বক্কর জানান, ব্রিজে ওঠার সময় হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তারা দুজনই অক্ষত রয়েছেন।

পরে ঘটনাস্থলে কাপ্তাই সেনাবাহিনী, বিজিবি এবং কাপ্তাই থানা পুলিশের সদস্যরা পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তাদের সহায়তায় দুপুর ২টার পর পিকআপটি স্টীল ব্রিজ থেকে সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top