চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপির বাড়ি লক্ষ্য করে ফের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় নগরীর চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় চারজন সশস্ত্র হামলাকারীর ছোঁড়া গুলিতে ভবনের দ্বিতীয় তলার জানালার কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায়, ‘চার অস্ত্রধারী ব্যবসায়ী মুজিবের বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। পরে বাড়ির পেছনে চাক্তাই খাল লাগোয়া সড়ক দিয়ে তারা সটকে পড়ে।’
ঘটনার সত্যতা স্বীকার করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, চারজন অস্ত্রধারী গুলি ছুঁড়েছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তারা ঘটনাস্থল ত্যাগ করেছে। কারা এই হামলায় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এরপর আইনী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারিও ওই একই স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিলো। তৎকালীন তদন্তে উঠে আসে, ১০ কোটি টাকা চাঁদার দাবিতে তালিকাভুক্ত ক্যাডার বড় সাজ্জাদের বাহিনী এই হামলাটি পরিচালনা করেছিলো।
প্রসঙ্গত, ২০২৪-এর ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে জয়লাভ করলেও, মুজিবুর রহমান মূলত আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং চট্টগ্রাম (দক্ষিণ) জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদেও ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





