চাটগাঁ নিউজ ডেস্ক: ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের জন্য আগামী ১০ মার্চ নিজ জন্মভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারে নামাজের আগে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪ উপজেলায় একটি করে ইউনিয়নে ফ্যামিলি কার্ড চালু করছে সরকার। এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বগুড়ায় প্রথম সফর এটি। বিএনপির নেতৃবৃন্দ বলছেন, তার এই আগমনে ভিন্নরুপে সাজানো হবে বগুড়া।
জানা গেছে, পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে এরই মধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বগুড়ায় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি করা হয়েছে।
কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন। প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে। তাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা রয়েছে। পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এদিকে ঢাকায় স্থানীয় সাংবাদ মাধ্যমকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে সরকার ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডকে বাছাই করেছে। আগামী ১০ মার্চ এই কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু হবে। পরে প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এই ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বাদশা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে তার নিজ জেলায় বগুড়ায় আসছেন। তার আগমনকে ঘিরে বগুড়াকে ভিন্নরুপে সাজানো হবে। তার এই কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





