চন্দনাইশে ডাকাতের গুলিতে গরুর মালিক নিহত, ৩ গরু লুট

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া (জোয়ারা) এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহেদ জানান, ভোরে একটি ডাকাত দল এলাকায় হানা দেয়। ডাকাত দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের গোয়ালঘর থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। চন্দন দে’র গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তাকে গুলি করা হয়।

গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. শাহেদ আরও জানান, চন্দন দে’র গোয়ালঘরে তিনটি গরু ছিল। ডাকাতরা একটি গরু লুট করে নিয়ে যায়। এ ছাড়া পাশের আরেকটি গোয়ালঘর থেকে আরও দুটি গরু লুট করা হয়।

স্থানীয়রা জানান, ডাকাত দল নিহত চন্দন দে ও পাশের নিতাই দে’র বাড়ি থেকে মোট তিনটি গরু লুট করে নিয়ে যায়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top