চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক সমিতির লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ ভবন এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম্মুখস্থ সড়কের সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট তিনটি স্থাপনার নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






