পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে শিগগিরই কিছু পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ধাপে ধাপে এই রদবদল কার্যকর করা হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তবে কোন কোন পদে পরিবর্তন আসছে বা কবে থেকে তা কার্যকর হবে—এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে সরকার সুপারিশ করবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন ও অনুমোদনের জন্য তোলা হবে বলেও জানান তিনি।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনয়নও পরবর্তীতে চূড়ান্ত করা হবে বলে উল্লেখ করেন তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top