নিজস্ব প্রতিবেদক: ‘তোর জায়গা-জমির ব্যবসা’ ভালো চলছে বলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা সেই কথিত সাংবাদিক আহমেদ কবীরকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ (৪৫)।
মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আহমেদ কবীর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা। আর মামলার বাদী মোহাম্মদ সিরাজ কর্ণফুলী উপজেলার শিকলবাহা উত্তর চরহাজারী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির কেডিএস বিল্ডিংয়ে বসবাস করছেন।
মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন— সৈয়দ মোহাম্মদ বাচ্চু (৪৩), সৈয়দ মোহাম্মদ মাইনুল (৪০), মোহাম্মদ আবদুল মন্নান (৩৯) এবং অজ্ঞাতনামা ৪/৫ জন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে কেডিএস বিল্ডিংয়ের পার্কিং এলাকায় আগে থেকে অবস্থান নিয়ে আসামিরা বাদীকে ঘেরাও করেন। এ সময় আহমেদ কবীর তার জমি ব্যবসা ভালো চলছে উল্লেখ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদীকে মারধর ও হত্যাচেষ্টা করা হয়।
এজাহারে বলা হয়, হামলায় বাদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাকে গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করা হয়। সাত দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ প্রাথমিক চিকিৎসা নেন।
মারধরের শিকার মোহাম্মদ সিরাজ জানান, নগরীর বিভিন্ন এলাকায় জায়গা–জমি বিক্রির মধ্যস্থতা করে থাকেন। এতে কমিশন হিসেবে টাকা পান। প্রায় তিন–চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে তার পরিচয়। ওই সময় থেকে আহমেদ কবির তার কাছ থেকে টাকা দাবি করে আসছিলেন। তবে সম্প্রতি তার কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। বুধবার রাতে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে নিচে নামেন। ওই সময় আহমেদ কবিরের নেতৃত্বে চার থেকে পাঁচজন লোক বাসার নিচে তাকে আটকে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা হুমকি দিয়ে সরে পড়ে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, চাঁদাবাজির মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের এ ঘটনা ঘটে গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানার গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায়। মারধরের শিকার ব্যক্তি হলেন মোহাম্মদ সিরাজ। তিনি জায়গা–জমি বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্ম করে বেড়ান। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আহমেদ কবীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহমেদ কবীর অতীতেও একাধিক বিতর্কে জড়িয়েছিলেন। ২০২১ সালের ২৬ মার্চ রাতে নিজেকে উচ্চপদস্থ সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম সেনানিবাস-এ প্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন সময়ে নিজেকে বিভিন্ন অনলাইন ও বেসরকারি গণমাধ্যমের প্রতিনিধি পরিচয় দিয়ে সরকারি-বেসরকারি দপ্তরে ঘোরাফেরা এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে তোলা ছবি পাওয়া গেছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস-এর সঙ্গে।
অন্য এক ঘটনায়, ২০২৪ সালে ঢাকার মতিঝিল এলাকার জাকির হোসেন (৫৪) নামে এক ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে ৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সিআর মামলা নম্বর-৫৯৭/২৪ বর্তমানে বিচারাধীন এবং সিআইডি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
খুলশী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ কামাল বলেন, মোহাম্মদ সিরাজ নামের এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন আহমেদ কবির। এ জন্য লোকজন নিয়ে সিরাজের বাসার নিচে গিয়ে সেখানে তার ওপর অতর্কিত হামলা করেন এবং একপর্যায়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চাঁদাবাজির অভিযোগে মামলার ঘটনায় আহমেদ কবিরকে লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





