সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছুরিকাঘাত

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় এক জামায়াতে ইসলামীর কর্মীর মোটরসাইকেল গতিরোধ করে প্রথমে লাঠি দিয়ে বেধড়ক মারধর করার পর ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামের ৫নং ওয়ার্ডের ভরিয়ারকুুল সড়কের হাতিয়ারকুল বায়তুর রহমান মসজিদ এলাকায় ঘটে।

আহত জামায়াত কর্মীর নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩২)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গারাঙ্গিয়া মাদ্রাসা এলাকার সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন জানান, খবর নিয়ে জানতে পারলাম শুক্রবার বিকালে জামায়াত কর্মী গিয়াস উদ্দিন মোটরসাইকেল নিয়ে তার নিজ বাড়ি হতে ভরিয়ারকুল সড়ক দিয়ে হাতিয়ারকুল এলাকার দিকে আসার সময় হঠাৎ এলাকার চিহ্নিত খারাপ টাইপের লোকজন দলবল প্রথমে গিয়াস উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত অবস্থায় গিয়াস উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করে পরে শাহ আলম ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা এগিয়ে এসে গিয়াস উদ্দিনকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন।

সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তারেক হোছাঈন জানান, ছুরিকাঘাতে আহত গিয়াস উদ্দিন আমাদের একজন সক্রিয় কর্মী। তিনি সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করায় ফ্যাসিস্টদের দোসর সন্ত্রাসী শাহ আলম গং তাকে মারধর ও ছুরিকাঘাত করে। আমরা ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মন্জুরুল হক জানান, উক্ত ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top