চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে খাদ্যপণ্যে ভেজাল, অনুমোদনহীন পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অভিযোগ পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, ক্ষতিকর হাইড্রোজ খাদ্যে ব্যবহারযোগ্য হিসেবে বিক্রি করায় মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রঙ মেশানো মুগডাল বিক্রির দায়ে মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা দণ্ড দেওয়া হয়। এছাড়া কেকের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রির অপরাধে মধুবন ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযানে পোড়া তেল ও ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে খাবার প্রস্তুতের অভিযোগে রহমান হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার টাকা এবং আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা দণ্ড দেওয়া হয়। এছাড়া চা পাতার প্যাকেটে মূল্য উল্লেখ না থাকায় এ আর এল টি হাউসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজারে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






