চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী–এর বাসভবনে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকায় এমপির বাসা থেকে মো. ফখরুদ্দিন (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে0 এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে এমপির বাসায় প্রবেশ করেন এবং ২০ হাজার টাকা দাবি করেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা দ্রুত যৌথবাহিনীকে খবর দেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তল্লাশির সময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক পরিহিত একাধিক ভুয়া ছবি, একটি মোবাইল ফোন এবং মানিব্যাগে রাখা বিভিন্ন পরিচয়পত্র ও ছবি উদ্ধার করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






