তিন পার্বত্য জেলায় বিএনপি প্রার্থীদের বাজিমাত

পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ তিন পার্বত্য জেলায় বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে জয় পেতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে খাগড়াছড়িতে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া, রাঙামাটি আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট দীপেন দেওয়ান ও বান্দরবান আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাচিং প্রু।

প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে,  খাগড়াছড়ির ২০৩টি কেন্দ্রের ফলাফলে ওয়াদুদ ভূইয়া পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৫৮ হাজার ১৩৬ ভোট। এছাড়া দাঁড়িপাল্লা প্রতীকের এডভোকেট মো. এয়াকুব আলী পেয়েছেন ৫৪ হাজার ১১৬ ভোট।

অন্যদিকে রাঙামাটি আসনের ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০৮টির ফলাফল পাওয়া গেছে। যেখানে দীপেন দেওয়ান পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৭৭১ ভোট। এছাড়াও খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর সিদ্দিক (রিকশা প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৪৯১ ভোট।

সবশেষ আসন বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিং প্রু পেয়েছেন ৭৮ হাজার ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সূজাউদ্দীন পেয়েছেন ১৩ হাজার ৭০২ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।

জানা গেছে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top