চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের একটি ভোটকেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে এক ব্যক্তিকে তাৎক্ষণিক শাস্তি দিয়েছেন দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই ওই ব্যক্তি কেন্দ্রের ভেতর ও আশপাশে অবস্থান নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। বিষয়টি নজরে এলে সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পরে কেন্দ্র এলাকায় শৃঙ্খলা ভঙ্গ ও ভোটগ্রহণে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে তাকে কেন্দ্রসংলগ্ন একটি পুকুরে নামিয়ে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয়।
এ সময় সেনাসদস্যরা উপস্থিত ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
ঘটনার পর ভোটকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলমান আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতিতে ভোটারদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
পটিয়া সেনা ক্যাম্পের পৌরসভা এলাকার দায়িত্বে থাকা ক্যাপ্টেন সাকিব জাকি চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ভোটে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






