চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকে নাম মো. সাকিব (২৪); চান্দগাঁও থানার সিএমবির আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার।
স্থানীয় সূত্র জানায়, সাকিবের সঙ্গে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে তার পূর্ব পরিচিত অপর একটি গ্রুপের মধ্যে বিরোধ ছিল। আজকে এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাবিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সে রক্তাক্ত অবস্থায় লায়লা টাওয়ারের সামনে সাবিককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া শরীফ উদ্দিন নামে এক পথচারী বলেন, ‘কামালবাজার লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে আহত হয়ে ওই যুবক পড়ে ছিল। আমি এবং আরও দুই পথচারী মিলে তাকে হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এসএ





