বান্দরবান প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক ও বান্দরবান জেলা বিএনপির সাবেক সভাপতি মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পুনর্গঠিত পরিষদের সদস্যরা হলেন—চনুমং, মংক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই লো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মারমা ও কাজী নিরুতাঞ্জ বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পরিষদ দায়িত্ব গ্রহণের পর জেলার পার্বত্য জেলা পরিষদ-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করবে।
মাম্যাচিং ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় উচ্চশিক্ষা অর্জন করেন। তিনি মারমা নারীদের মধ্যে প্রথম স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হিসেবে পরিচিত।
বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন।
এ ছাড়া তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি এবং বান্দরবান জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
মাম্যাচিং ১৯৯৮ থেকে ২০০৭ সাল এবং ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
পার্বত্য চট্টগ্রামের নারী রাজনীতিকদের মধ্যে মাম্যাচিং দীর্ঘদিন ধরে পরিচিত মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বান্দরবানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন





