আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন: প্রধান উপদেষ্টা

চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকালে তিনি কেন্দ্রে উপস্থিত হন। এবারই প্রথম ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন—একটি স্থানীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি রাষ্ট্র সংস্কারের ‘জুলাই সনদ’ বা গণভোটের পক্ষে-বিপক্ষে রায়ের জন্য।

প্রধান উপদেষ্টা দুটি ব্যালটেই নিজের মতামত ব্যক্ত করেন। ভোট দেওয়ার পর তিনি কেন্দ্রের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

ভোট দেওেয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন।

প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি।

আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’

ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি।

সারা দেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৯১ জন, ইসলামী আন্দোলন ২৫৮ জন, জামায়াতে ইসলামী ২২৯ জন এবং জাতীয় পার্টি ১৯৮ জন প্রার্থী দিয়েছে। এছাড়া ছাত্র-জনতার দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) ৩২টি আসনে লড়ছে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও আনসারসহ প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে রয়েছেন।

দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে অবাধে ভোটগ্রহণ চলছে। প্রধান উপদেষ্টার ভোটদান সাধারণ ভোটারদের মাঝে আস্থার সঞ্চার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top