চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি চট্টগ্রামের চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট প্রদান করেন। ভোট দেওয়ার সময় কেন্দ্রের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
ভোট প্রদান শেষে তিনি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামীতে ১১-দলীয় ঐক্যজোট সরকার গঠন করবে।’ চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্ন গ্রামে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিমের পক্ষ থেকে টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অনেককে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।
চট্টগ্রাম-১৪ আসনের প্রেক্ষাপট ও নিজের ছেলের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে কর্নেল অলি বলেন, ‘চট্টগ্রাম-১৩ ও ১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া) এলাকার প্রেক্ষাপটে ১১ দল সমর্থিত এলডিপির প্রার্থী ওমর ফারুক বিপুল ভোটে জয়লাভ করবেন। সাধারণ মানুষ ওমর ফারুকের সঙ্গে বেইমানি করবে না।’
এদিকে দীর্ঘ ১৭ বছর পর জাতীয় নির্বাচনে ভোট দিতে পেরে ভোটারদের মধ্যে লক্ষ্য করা গেছে উৎসবের আমেজ। সকাল হতেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। অনেকেই ফজরের নামাজ আদায় করে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান।
নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
চাটগাঁ নিউজ/এমকেএন






