চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরুর পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
এসময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ সালাহউদ্দিন আহমদের পরিবারের বাকি সদস্যরাও কেন্দ্রে স্ব স্ব ভোট প্রদান করেন।
ভোট দিয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, আমি খুবই আনন্দিত। এই আনন্দ ভাষায় প্রকাশ করার না। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। ভোটররা খুবই আনন্দিত। এটা কেমন জানি ঈদ ঈদ লাগছে। আমি আশা করছি ৭০ থেকে ৮০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।
তিনি বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন, আমাদের সন্তানের শহিদ হয়েছেন সে প্রত্যাশা-স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসন থেকে এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






