চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামকে কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে। নগরের বিভিন্ন এলাকায় সাঁজোয়া যানসহ টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে ব্যাপক তল্লাশি কার্যক্রম।
নির্বাচন উপলক্ষে পুরো জেলা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের টহল চোখে পড়েছে নগরের বিভিন্ন সড়ক ও মোড়ে।
টানা সরকারি ছুটির কারণে নগরের প্রধান সড়ক ও ব্যস্ত এলাকাগুলোতে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলকভাবে কম দেখা গেছে। এতে করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আরও সহজ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ৪০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রকে স্ট্রাইকিং ফোর্সের আওতায় আনা হয়েছে এবং সব বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, কোনো ভোটকেন্দ্রে সমস্যা দেখা দিলে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছানোর পরিকল্পনা প্রস্তুত রয়েছে। বর্তমানে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট মিলিয়ে প্রায় ১১৫ জন মাঠে দায়িত্ব পালন করছেন। মোবাইল টিমগুলোও পুরো জেলায় সক্রিয় রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বডি অন ক্যামেরা ব্যবহার করছেন। এতে অনিয়মের সুযোগ কমেছে এবং দায় এড়ানোর পথ বন্ধ হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত ডিআইজি হোসাইন মোহাম্মদ কবীর ভুঁইয়া বলেন, নগরী পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিকেলে টাইগার পাস মোড়ে সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনীকে ব্যাপক তল্লাশি অভিযান চালাতে দেখা যায়। এ সময় প্রাইভেট কার, মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





