কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বাঁশকাটা এলাকার জাফর আলম হত্যাকাণ্ডে চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

একই মামলায় মনজুরুল ইসলাম (৪৪)কে বেকসুর খালাস দেওয়া হয়। অপর আসামি ফরিদুল হক ওরফে সোনা মিয়া (৪১)কে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং দেড় বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— একই এলাকার মৃত এজহার মিয়ার পুত্র নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের পুত্র সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) এবং নুরুল ইসলামের পুত্র আশরাফুজ্জামান (৪৫)।

মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল ও ১০ নম্বর আসামি আলী হোসেন বিচার চলাকালে মৃত্যুবরণ করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্ব পাশে জাফর আলমের জমি দখলের চেষ্টা চালায় আসামিরা। এ সময় জাফর আলম বাধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতরভাবে জখম করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত এ রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশীদ।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top