চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের দিকে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে গেছে পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড আর্ক’ নামের একটি জাহাজ। মালয়েশিয়া থেকে ২৯৮ টিইইউস (২০ ফুট দীর্ঘ) কনটেইনার পণ্য নিয়ে জাহাজটি বাংলাদেশের দিকে রওনা করেছিল বলে জানা গেছে। তবে উক্ত জাহাজে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফুকেট উপকূলের কাছাকাছি কাত হয়ে ডুবে যেতে থাকে জাহাজটি। ফুকেট উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে জাহাজটি ডুবতে দেখে থাই নেভি নাবিকদের উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজটির লোকাল এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশ লিমিটেডের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন।
তিনি বলেন, জাহাজটির প্রিন্সিপাল বা মালিক সীলয়েড শিপিং লিমিটেড। জাহাজটিতে ৪০ ফুট দীর্ঘ ১০১টি এবং ২০ ফুট দীর্ঘ ৯৬ কনটেইনার পণ্য ছিল। মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে ফুকেট উপকূলে জাহাজটি ৩০ ডিগ্রি কাত হয়ে আংশিক ডুবে যায়।
পরে উপায় না দেখে জাহাজের ক্যাপ্টেন সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। থাই নেভি ১৬ নাবিককে উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নিয়ে যায়। তারা সুস্থ আছেন। আশাকরি, ৩-৪ দিনের মধ্যে দেশে ফিরবেন।
জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে অভিমুখে রওনা দেয়। ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর শিডিউল ছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ





