আনোয়ারা প্রতিনিধি: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ পাওয়ার ২৫ দিন পর একই অভিযোগে আবারও সতর্কবার্তা পেয়েছেন চট্টগ্রাম-১৩ আসন (আনোয়ারা–কর্ণফুলী) থেকে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। নির্বাচন কমিশন (ইসি) এ সতর্কবার্তা দিয়েছে।
গত শনিবার (৭ ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে সতর্কবার্তার বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন। তবে বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পারেন আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।
ইসির জারি করা চিঠিতে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসংক্রান্ত কিছু কার্যক্রম ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির দৃষ্টিগোচর হয়েছে, যা আচরণবিধির নির্ধারিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, ২০২৫ অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে অনুমোদনবিহীন কোনো ধরনের প্রচারণা চালানো থেকে বিরত থাকার স্পষ্ট নির্দেশনা রয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর প্রাসঙ্গিক ধারায় জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত চিঠির অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরসমূহেও পাঠানো হয়েছে।

চিঠিতে ইসি জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের বিষয়ে প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি (মঙ্গলবার) প্রতীক বরাদ্দের আগেই ভোট চাওয়ার অভিযোগে একই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল ইসির ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি।
উল্লেখ্য, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় দেওয়া বক্তব্যের একটি ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, চাতুরী আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে।
এ অবস্থায় তিনি ‘দুই হাত জোড় করে’ অনুরোধ জানিয়ে বলেন, এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বা কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন






